বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

খেতে ৫ টাকার সবজি বাজারে ৬০: চুয়াডাঙ্গায় মধ্যস্বত্বভোগীদের কবলে কৃষক ও ভোক্তা

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
খেতে ৫ টাকার সবজি বাজারে ৬০: চুয়াডাঙ্গায় মধ্যস্বত্বভোগীদের কবলে কৃষক ও ভোক্তা

কার্তিকের শেষভাগে শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আগাম শীতকালীন সবজির সমারোহ। খেতের পর খেত শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম ও পটলসহ নানা জাতের ফসল। ফলন ভালো হলেও কৃষকের মুখে স্বস্তির হাসি নেই; উল্টো উৎপাদন খরচ না ওঠার শঙ্কায় কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। মাঠ থেকে পাইকাররা পানির দরে ফসল কিনে নিলেও মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে খুচরা বাজারে গিয়ে সেই সবজির দাম বাড়ছে কয়েক গুণ। হাতবদলের এই প্রক্রিয়ায় একদিকে লোকসান গুনছেন চাষিরা, অন্যদিকে চড়া মূল্যে কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর ও গোপালপুর গ্রামে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে দোল খাচ্ছে আগাম জাতের ফুলকপি। লক্ষ্মীপুর গ্রামের প্রান্তিক চাষি রবিউল ইসলাম দেনা করে ২৫ কাঠা জমি বর্গা নিয়ে ফুলকপির আবাদ করেছেন। ফলন দারুণ হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চোখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট।

আক্ষেপ প্রকাশ করে রবিউল ইসলাম বলেন, চড়া দামে সার ও বীজ কিনে, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালাম। সময়মতো সার পাওয়া যায় না, কীটনাশকের দামও আকাশছোঁয়া। অথচ পাইকাররা খেতে এসে ফুলকপির দাম বলছে কেজিপ্রতি মাত্র ৫ থেকে ১০ টাকা। এতে উৎপাদন খরচই উঠছে না। অথচ এই কপিই বাজারে নিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমাদের দেখার কেউ নেই।

হাতবদলেই বাড়ছে দাম

কৃষকদের অভিযোগ, ফসল সরাসরি হাটে-বাজারে নিয়ে গিয়েও রেহাই পাওয়া যায় না। সেখানেও ফড়িয়া ও আড়তদারদের সিন্ডিকেটের মুখে পড়তে হয়। মাঠ পর্যায় থেকে পাইকারি আড়ত এবং সেখান থেকে খুচরা দোকান—এই কয়েক ধাপে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি টাকা। পরিবহন ব্যয়, খাজনা কিংবা অপচয়ের অজুহাতে পণ্যের দাম বাড়ানো হচ্ছে কৃত্রিমভাবে। ফলে মাঠের ৫ থেকে ১০ টাকার সবজি স্থানীয় খুচরা বাজারেই ক্রেতাদের কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর এই সবজি যখন রাজধানীতে পৌঁছাচ্ছে, তখন দাম দাঁড়াচ্ছে আরও চড়া। মাঝে মধ্যস্বত্বভোগীরা বড় অঙ্কের মুনাফা তুলে নিলেও ঠকছেন কৃষক ও সাধারণ ক্রেতা উভয়েই।

চুয়াডাঙ্গা নিচের বাজারে বাজার করতে আসা ভ্যানচালক ইব্রাহিম আলী বলেন, মাঠ থেকে সস্তায় সবজি এনে বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এতে কৃষক যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন না, তেমনি আমাদের মতো খেটে খাওয়া মানুষদের বাজার করতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই, বাধ্য হয়ে অনেক সময় প্রয়োজনীয় অর্ধেক জিনিস না কিনেই বাড়ি ফিরতে হয়।

ব্যবসায়ীদের যুক্তি ও বাজারের চিত্র

দামের এই অস্বাভাবিক ফারাক নিয়ে আড়তদার ও খুচরা বিক্রেতারা অবশ্য বরাবরের মতোই বাড়তি পরিবহন খরচকে দায়ী করছেন। চুয়াডাঙ্গা নিচের বাজারের মণ্ডল বাণিজ্যালয়ের পাইকারি ব্যবসায়ী ময়েন মণ্ডল বলেন, আমরা মূলত কমিশনের ভিত্তিতে ব্যবসা করি। ১০ টাকায় সবজি কিনলে ৩ থেকে ৪ টাকা লাভে ছেড়ে দিই। বড় ধরনের বাড়তি দামে কেনাবেচা করেন ঢাকা ও চট্টগ্রামের বড় ব্যবসায়ীরা।

একই বাজারের খুচরা বিক্রেতা রতন আলী বিভিন্ন পণ্যের দর জানিয়ে বলেন, বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বেগুন ৬০ থেকে ৮০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা, মেচুড়ি ৬০ টাকা, পটল ৪০ টাকা ও শসা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে লাউ মিলছে ৩০ থেকে ৪০ টাকায়। অন্যদিকে পালং, লাল ও সবুজ শাক প্রতি আঁটি ২০ টাকা এবং ছোলার শাক কেজিপ্রতি ৮০ টাকায় মিলছে।

এদিকে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক ও পিকআপের ভাড়া অনেকটাই বেড়ে গেছে। পথে বিভিন্ন খরচের পাশাপাশি পচনশীল পণ্যের ঝুঁকি থাকায় খুচরা পর্যায়ে দাম কিছুটা বেড়ে যায়। তবে খেতের দামের তুলনায় বাজারে দামের এত বড় ব্যবধানের স্পষ্ট কোনো কারণ তিনি জানাতে পারেননি।

নজরদারির আশ্বাস প্রশাসনের

বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, চাষিরা যেন নিজেদের উৎপাদিত ফসলের সঠিক দাম পান, সে লক্ষ্যে পাইকারদের সঙ্গে কৃষকদের সরাসরি যোগাযোগ ঘটিয়ে দেওয়ার কাজ চলছে। কেউ যাতে ইচ্ছেমতো দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য নজরদারি রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, পণ্যের অস্বাভাবিক দাম ঠেকাতে নিয়মিত অভিযান চলছে। খেত থেকে বাজার পর্যন্ত হাতবদলের সুযোগ নিয়ে কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে বা মাত্রাতিরিক্ত মুনাফা লোটে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তবে কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরও মাঠের চিত্রে কোনো বদল দেখা যাচ্ছে না। প্রান্তিক চাষিদের ঘামের মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের বাড়তি ব্যয়ের বোঝা থেকে মুক্তি দিতে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...