ভিটার পথ আটকে নির্যাতন, জীবননগরে প্রয়াত সাংবাদিকের স্ত্রীর সংবাদ সম্মেলন
জীবননগরে বসতবাড়ির চলাচলের রাস্তা আটকে দেওয়া ও নানামুখী নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন প্রয়াত সাংবাদিক আনোয়ারুল কবিরের স্ত্রী মোছা. পারভিন আক্তার। শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর হোটেল থ্রি স্টারের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মাঠপাড়ার বাসিন্দা পারভিন আক্তার। তিনি জানান, তাদের বাড়ির ঢোকার মুখে একই গ্রামের শান্তি মিয়া (পিতা মৃত রমজান আলী) বাঁশের রেলিং ও ইটের দেয়াল তুলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এতে সন্তানসন্ততি নিয়ে তিনি নিজের ভিটায় ঢুকতে বা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না। একপ্রকার বাধ্য হয়েই তাদের এখন অন্যত্র বসবাস করতে হচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধটি প্রায় ৪০ বছরের পুরোনো। স্বামী বেঁচে থাকার সময় থেকেই এ নিয়ে টানাপোড়েন ছিল, তবে তার মৃত্যুর পর বিষয়টি আরও জটিল আকার নিয়েছে। এখন তাকে ও তার এতিম সন্তানদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করার পাঁয়তারা চলছে। এ ঘটনায় পারভিন আক্তার তার চাচাতো দেবর বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলে দাবি করেন।
পারভিন আক্তারের অভিযোগ, জমিজমার জের ধরে তাকে এর আগে একাধিকবার মারধর, সামাজিকভাবে অপদস্থ, অপপ্রচার ও ভয়ভীতি দেখানো হয়েছে। এসব ঘটনার প্রতিকার চেয়েও তিনি ন্যায্য বিচার পাননি। তিনি জানান, বিরোধ মেটাতে ইউনিয়ন পরিষদের আমিনের মাধ্যমে জমি পরিমাপের উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ উপস্থিত না থাকায় তা সম্ভব হয়নি। নিরুপায় হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন জমা দিয়েছেন। তবে আইনি সুরক্ষার পদক্ষেপ নিতে গেলে উল্টো নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, কারও জমি দখল কিংবা কারও ওপর আক্রোশ মেটানো তার উদ্দেশ্য নয়। তিনি কেবল স্বামীর রেখে যাওয়া ন্যায্য হিস্যা, সন্তানদের নিরাপত্তা এবং পৈতৃক ভিটায় নির্বিঘ্নে বসবাসের অধিকার চান। অবিলম্বে অবরুদ্ধ পথ উন্মুক্ত করা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সীমানা নির্ধারণ এবং অতীতে ঘটে যাওয়া মারধর ও নির্যাতনের সঠিক বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি। একই সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব ছাড়াই নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ চান এই ভুক্তভোগী নারী।

