জীবননগরে চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে অপহরণকারীর হাত থেকে ফিরল শিশু রোহান

চুয়াডাঙ্গার জীবননগরে উপস্থিত বুদ্ধিমত্তা আর অসীম সাহসিকতার পরিচয় দিয়ে অপহরণকারীর কবল থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে রোহান হোসেন (১০) নামের এক স্কুলছাত্র। চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে সে অক্ষত অবস্থায় নিজের প্রাণ বাঁচিয়েছে। এই রোমহর্ষক ঘটনাটি জানাজানি হওয়ার পর সেনেরহুদা গ্রামসহ আশপাশের এলাকায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী রোহান উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাড়ি ফিরছিল রোহান। পথে লাল রঙের একটি হিরো হোন্ডা মোটরসাইকেল নিয়ে এক অপরিচিত ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় এবং বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে রোহানকে গাড়িতে উঠিয়ে নেয়। কিছু দূর যাওয়ার পর চালক রোহানের বাড়ির পরিচিত সড়ক ছেড়ে ভিন্ন রাস্তায় দ্রুতগতিতে গাড়ি টানতে থাকে। বিষয়টি বুঝতে পেরে রোহান চিৎকার করে ভুল রাস্তায় যাওয়ার কথা জানালেও চালক বাইকের গতি না কমিয়ে ছুটতে থাকে।
পরিস্থিতি বেগতিক দেখে বড় ধরনের বিপদের আশঙ্কা করে শিশুটি। মুহূর্তের মধ্যে ঝুঁকি নিয়ে সে চলন্ত মোটরসাইকেল থেকেই রাস্তায় লাফ দেয়। নিচে পড়ার পরপরই কোনোদিকে না তাকিয়ে দৌড়ে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে সে।
ঘটনার পর গ্রামবাসী স্থানীয় একটি মসজিদের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করেন। সেখানে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি লাল রঙের হিরো হোন্ডা বাইকে শিশু রোহানকে নিয়ে দ্রুত চলে যাচ্ছে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগেই পার্শ্ববর্তী উথলী গ্রামে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে আরও একটি শিশুকে অপহরণের অপচেষ্টা চালানো হয়েছিল। একের পর এক এমন ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিভাবকদের নিজ সন্তানদের প্রতি বাড়তি নজর রাখা এবং এলাকায় অচেনা কোনো ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখলে জিজ্ঞাসাবাদ করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। সেই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশের কঠোর নজরদারি ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

