দামুড়হুদা সীমান্তে খাঁচাবন্দি বিশাল রাসেলস ভাইপার, অবমুক্ত করা হবে সুন্দরবনে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মাঠ থেকে একটি বড় আকৃতির বিষধর রাসেলস ভাইপার সাপ আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে স্থানীয় এক কৃষক সাপটি বাগে আনেন। খবর পেয়ে রাতে বন বিভাগের কর্মীরা গিয়ে সেটিকে নিজেদের হেফাজতে নেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার মুন্সিপুর গ্রামের শিমুলতলা মাঠে একটি গাড়ল ভেড়াকে আক্রমণ করার চেষ্টা করছিল সাপটি। বিষয়টি দূর থেকে দেখতে পান স্থানীয় কৃষক হাসান। তিনি তাৎক্ষণিকভাবে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে আহত করেন এবং একটি খাঁচায় বন্দি করে ফেলেন। কৃষক হাসান ওই গ্রামেরই বাসিন্দা সিরাজের ছেলে।
সীমান্তের মাঠে ভয়ংকর এই বিষধর সাপ ধরা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষের ঢল নামে। সাপটি দেখতে আশপাশের বহু মানুষ ভিড় জমান। পরবর্তীতে রাত সাড়ে আটটার দিকে উপজেলা বন বিভাগে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে বন বিভাগের ফরেস্ট গার্ড শাহাজামাল ওরফে রিপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাঁচাবন্দি সাপটি উদ্ধার করে দামুড়হুদা উপজেলা বন বিভাগে নিয়ে যান।
ঘটনার বিষয়ে জানতে উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) সুরেশ মিস্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে প্রশিক্ষণসংক্রান্ত কাজে চট্টগ্রামে অবস্থান করছেন। সে কারণে সাপ আটকের বিষয়ে বিস্তারিত তথ্য এই মুহূর্তে তাঁর জানা নেই।
এদিকে উদ্ধার হওয়া সাপটি রাসেলস ভাইপার বলেই নিশ্চিত করেছেন জীবননগর ডেপুটি রেঞ্জার শরিফুল ইসলাম কাজল। তিনি জানান, এটি অত্যন্ত বিষধর একটি সাপ। সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করতে খুলনা বন বিভাগের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। খুলনা থেকে বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল আসছে; তারা সাপটি নিয়ে গিয়ে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করবে।

