চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের সামনে দেয়ালে রাজনৈতিক স্লোগান, পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজ
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি গলির আবাসিক বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’-এর মতো বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা প্রকাশ্যে এসেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দারা দেয়ালের ওই লেখাগুলো দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল। এরপর জেলা প্রশাসকের নির্দেশনায় দেয়ালের সব স্লোগান মুছে ফেলে স্কুল কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, যেসব ছাত্রী এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

