এনবিএর সভাপতি জাবেদ কারদার, সম্পাদক রাইসুল হক চৌধুরী

বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের (এনবিএ) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাবেদ কারদার। পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) হেড অব পাবলিক রিলেশনস রাইসুল হক চৌধুরী।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জিটিভির শারমিন ইফখাত শামস, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল৩৪ এর আশিকুর রহমান তমাল।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে চ্যানেল নাইনের সিনিয়র প্রেজেন্টার সাদওয়াত সুমন, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র প্রেজেন্টার মামুন উর রশীদ, মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক পদে চ্যানেল আইয়ের প্রেজেন্টার সামীর হোসেন, গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের প্রেজেন্টার আতিকুর রহমান আতিক এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির প্রেজেন্টার হাফিজ খন্দকার নির্বাচিত হয়েছেন।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আরটিভির সিনিয়র প্রেজেন্টার পারভীন মিতু, নির্বাহী সদস্য পদে জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ ও আরটিভির সিনিয়র প্রেজেন্টার ফারজানা তানি নির্বাচিত হয়েছেন।

