‘সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে’: অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, ‘গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এর আগে একটি স্কুলবাসেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী করছে?’
জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আর একটি ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না।’
সরকার দ্রুত এসব ঘটনা নিয়ন্ত্রণে আনবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে।’
জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

