ঢাকায় কম দামে কোন মার্কেটে কী পাবেন

নিত্যপণ্য থেকে শুরু করে পোশাক, জুতা কিংবা ইলেকট্রনিক্স; সব ক্ষেত্রেই হু হু করে বাড়ছে খরচ। তবে একটু জানাশোনা থাকলে একই জিনিস হাতের নাগালে, তুলনামূলক কম দামেই কিনে নেওয়া সম্ভব। ঢাকার কোন বাজারে কোন পণ্যটি সস্তায় পাওয়া যায়, একনজরে তা দেখে নেওয়া যাক।
কেনাকাটা করতে গিয়ে একই পণ্যের দামের ফারাক দেখে অবাক হননি, এমন মানুষ পাওয়া মুশকিল। একই জিনিস এক দোকানে চড়া দামে বিক্রি হলেও একটু পাশেই অন্য দোকানে মিলে যায় কম দামে। তাই সঠিক জায়গায় যাওয়ার সঠিক তথ্যটি জানা থাকলে পকেট বাঁচানো অনেকটাই সহজ হয়।
পোশাক ও ফেব্রিকস
পোশাকের কথা উঠলেই সবার আগে মনে আসে বঙ্গবাজারের নাম। শার্ট, প্যান্ট, গেঞ্জি থেকে শুরু করে শাড়ি এবং কাপড় তৈরির নানা উপকরণ; সবই মিলবে এখানে। অন্যদিকে, পাইকারি দামে কাপড় কিনতে চাইলে চোখ বন্ধ করে চলে যেতে পারেন পুরান ঢাকার ইসলামপুরে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা কাপড় কিনতে এই বাজারকেই বেছে নেন।
ধর্মীয় সামগ্রী ও আনুষঙ্গিক
আতর, টুপি, জায়নামাজ কিংবা বিভিন্ন ধর্মীয় সামগ্রী কেনার জন্য সবচেয়ে পরিচিত জায়গা বায়তুল মোকাররম মার্কেট। এর পাশাপাশি ঘড়ি, চশমা, ব্যাগ, জুতো থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যেরও চমৎকার সমাহার রয়েছে এখানে।
ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি ও মোবাইল
কৃষি ও শিল্প যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজের জন্য বিখ্যাত নবাবপুর রোড। আর মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার এক ছাদের নিচে পেতে যেতে পারেন গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। এখানে নতুন-পুরোনো সব ধরনের গ্যাজেট ও প্রযুক্তিপণ্য পাওয়া যায়। এ ছাড়া পুরান ঢাকার পাটুয়াটুলিও ইলেকট্রনিক পণ্যের জন্য বেশ পুরোনো ও নির্ভরযোগ্য বাজার।

