দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগ মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের (Mohammed Jahed) ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা। পরে তার ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস ‘Fresh & White Beauty Cream’ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-আমিন জানান, জব্দ করা এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য ও আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে দেশে আনা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ প্রসাধনীসহ নিষিদ্ধ পণ্যের অবৈধ আমদানি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দারা।

