যাদের ডিএনএতে বাকশাল রয়েছে, তারা কখনও শোধরাবে না: রিজভী

সেনাবাহিনীর শৃঙ্খলা ও জিয়াউর রহমানের অবদান তুলে ধরে রিজভী বলেন, তৎকালীন সময়ে কর্নেল তাহেরসহ বিভিন্ন গোষ্ঠী সেনাবাহিনীকে পলিটিক্যালাইজ বা রাজনীতিকরণ করে নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা করেছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আধুনিক, চৌকস ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে কাজ করেছেন। তিনি কোনো কাউন্টার ফোর্স তৈরি না করে একটি শক্তিশালী সার্বভৌম প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছিলেন।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা রিজভী বলেন, যাদের রক্ত ও ডিএনএতে বাকশাল রয়েছে, তারা কখনও শোধরাবে না। তারা মনে করছে উড়ে এসে জুড়ে বসবে আর জনগণ অভ্যর্থনা জানাবে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম ও ফাইনাজদের বুক চিতিয়ে দেওয়া রক্ত আর মহাকাব্যিক আত্মদান কখনও বৃথা যেতে পারে না। বীরের এই মাটিতে পলাতক ও ভীত সিংহ-শৃগালের মতো পালিয়ে যাওয়া ব্যক্তিদের স্থান আর হবে না।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ আজ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ৭ নভেম্বরের দিকদর্শন ভবিষ্যতেও দেশকে যে কোনো সংকট থেকে মুক্ত রেখে সঠিক রাজনৈতিক ধারা উপহার দেবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কে এম মাহমুদ হাসান ও শাহরিয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।

