শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরতে হবে: আবু হানিফ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১৪ মিনিটে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ওই পোস্টে আবু হানিফ লিখেছেন, ‘বিদেশে পলাতক দণ্ডিত কোনো আসামি দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাও দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাসের আবেদন করতে পারেন। কিন্তু তিনি মূলত দেশে ফিরতে চান না, তাই ট্রাভেল পাসের জন্য আবেদন না করে, পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। যা আসলে নিয়মবহির্ভূত হওয়ায় পাবেন না।’
তিনি আরও লিখেছেন, ‘এটাকেই অজুহাত হিসেবে দেখাবে যে, তাকে দেশে ফেরত আসতে দেওয়া হচ্ছে না। আর সত্যিই যদি শেখ হাসিনা দেশে ফিরতে চান, তাহলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরতে হবে।’
উল্লেখ্য, এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনা আবেদন করেছেন। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
রয়টার্সের তথ্যমতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
ওই চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

