জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ থেকে মুছে ফেলতে চেয়েছিল আ’লীগ: কায়কোবাদ

‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই গৌরবময় ঐতিহাসিক বিজয় এবং স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল’ এমন মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন তিনি।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং সিপাহি-জনতার বিপ্লবের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী গণতন্ত্র রক্ষা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে প্রবাসী বাংলাদেশিদের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোছাইন ছাড়াও জেদ্দা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুর রহমান, সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এবং জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি খেফায়েত উল্লাহ চৌধুরী। এছাড়াও জাসাস যুবদল ওলামা দল সেচ্ছাসেবক ও অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

