দ্বিতীয় বিয়ের বিরোধে ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার তিন দিন পর আশুলিয়ার একটি বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর উত্তরার ঢাকা জেলা জেলার পিবিআই কার্যালয়ে সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) এম. এন. মোর্শেদ।
মোর্শেদ জানান, গ্রেপ্তারের পর রত্না আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৩ নভেম্বর ঢাকার আশুলিয়া থানাধীন মরিচকাটা এলাকার জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ দরজা খুলে শয়নকক্ষ থেকে মো. হারুন (৩২) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

