শেখ হাসিনার পাসপোর্টের আবেদন একটি কূটচাল: সারোয়ার তুষার

শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদনের খবরকে তাঁর ‘নতুন কূটচাল’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করতে হবে।
আজ সোমবার শেখ হাসিনার পাসপোর্টের আবেদন বিষয়ে দেওয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন সারোয়ার তুষার।
এনসিপির এই নেতা বলেন, ‘রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন। কিন্তু আমরা রয়টার্সের প্রতিবেদনে দেখতে পেলাম যে সেখানে শেখ হাসিনার পক্ষ হয়ে একটি ফার্ম আবেদন করেছে তাঁর পাসপোর্ট দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মিডিয়ায় এই তথ্যটি একটু ভিন্নভাবে আসছে। আমরা মনে করি, যদি শেখ হাসিনা আবেদন করেও থাকেন, এটি তাঁর একটি নতুন কূটচাল মাত্র।’

