বিদ্যুৎ ছিল না ৪ ঘণ্টা, মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার্থীরা

বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করেন তারা।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টায় সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের মাইক্রোইকোনমিকস পরীক্ষা চলাকালে ঘটনা ঘটে।
ভুক্তভোগী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়ে দেখি বিদ্যুৎ নেই। প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ আসেনি।
তিনি বলেন, দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কক্ষের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে, প্রশ্নপত্র পড়তেও সমস্যা হচ্ছিল। বিশেষ করে যাদের চোখে সমস্যা রয়েছে, তাদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্ধকারে পড়ার কারণে অনেকের মাথাব্যথাও শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর মোমবাতির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত সেই আলোতেই পরীক্ষা দিতে হয়েছে।
একই পরীক্ষায় অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া বলেন, পরীক্ষা শুরুর সময় থেকেই বিদ্যুৎ ছিল না। তার আসন পেছনের দিকে হওয়ায় অন্ধকারে প্রশ্নপত্র পড়তে সমস্যা হচ্ছিল। বিষয়টি শিক্ষককে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।

