বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের ১০০ কোটির ই-ঋণ স্কিম: কর্মসংস্থান সৃষ্টির যুগান্তকারী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের ১০০ কোটির ই-ঋণ স্কিম: কর্মসংস্থান সৃষ্টির যুগান্তকারী উদ্যোগ

ডিজিটাল ঋণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ

বাংলাদেশের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষ এখনো সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ থেকে বঞ্চিত। জামানতের অভাব, ব্যাংকিং সেবা থেকে ভৌগোলিক দূরত্ব, জটিল ঋণপ্রক্রিয়া এবং আর্থিক সচেতনতার সীমাবদ্ধতা তাদের জন্য বড় বাধা। ফলে অনেককে অনানুষ্ঠানিক উৎস থেকে উচ্চ ব্যয়ে অর্থ সংগ্রহ করতে হয়।

ই-ঋণ এ প্রতিবন্ধকতা কমাতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্য ও কাঁচামাল সংগ্রহে, নারী উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণে এবং প্রশিক্ষিত তরুণেরা আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ অর্থ ব্যবহার করতে পারবেন। এর ফলে ব্যক্তিগত আয়ের পাশাপাশি স্থানীয় উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হতে পারে।

তবে এ উদ্যোগের সাফল্য শুধু ঋণ বিতরণের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। ঋণ প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাচ্ছে কি না, বিনিয়োগ করা অর্থ আয়বর্ধক কাজে ব্যবহৃত হচ্ছে কি না এবং ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা বাড়ছে কি না, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।

ডিজিটাল ঋণের ক্ষেত্রে অতিরিক্ত ঋণগ্রস্ততা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সাইবার ঝুঁকি ও প্রতারণার আশঙ্কা রয়েছে। এ কারণে ঋণগ্রহীতার সম্মতি নেওয়ার আগে ঋণের পরিমাণ, সুদ বা মুনাফার হার, মোট পরিশোধযোগ্য অর্থ, কিস্তির সময়সূচি এবং ঋণ অনাদায়ের পরিণতি সহজ ভাষায় জানানো জরুরি। পাশাপাশি ব্যাংকগুলোকে তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা ও অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে ডিজিটাল আর্থিক সেবায় নতুন যুক্ত হওয়া গ্রাহকদের জন্য আর্থিক শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন। ঋণ বিতরণের পাশাপাশি এর যথাযথ ব্যবহার এবং সময়মতো পরিশোধ নিশ্চিত করাও ব্যাংকগুলোর দায়িত্ব।

সফল বাস্তবায়নই হবে মূল বিবেচ্য বিষয়

আর্থিক অন্তর্ভুক্তির প্রকৃত সাফল্য শুধু ব্যাংক হিসাব বা ঋণের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। বরং কতজন নতুন গ্রাহক আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় এলেন, তাদের আয় ও কর্মসংস্থানের সুযোগ কতটা বাড়ল, ক্ষুদ্র উদ্যোগ কতটা টেকসই হলো এবং নতুন কতগুলো কর্মসংস্থান সৃষ্টি হলো, এসব সূচক বিবেচনায় নিতে হবে।

একশ কোটি টাকার তহবিল আপাতদৃষ্টিতে সীমিত মনে হলেও আবর্তনশীল ব্যবস্থার কারণে একই অর্থ একাধিকবার ঋণ বিতরণে ব্যবহার করা সম্ভব। ফলে কার্যকর ঋণ আদায় ও পুনর্ব্যবহার নিশ্চিত করা গেলে বরাদ্দের তুলনায় তহবিলটির সামগ্রিক প্রভাব অনেক বেশি হতে পারে।

এ উদ্যোগের সাফল্যের জন্য ব্যাংকগুলোর সক্রিয় অংশগ্রহণ, সহজ ও নিরাপদ ডিজিটাল সেবা, স্বচ্ছ ঋণপ্রক্রিয়া, গ্রাহক সুরক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর তদারকি অপরিহার্য। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল সক্ষমতা ও আর্থিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

ই-ঋণ শুধু ক্ষুদ্র অঙ্কের ডিজিটাল ঋণ বিতরণের কর্মসূচি নয়; এটি প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় যুক্ত করে কর্মসংস্থান সৃষ্টির একটি সম্ভাবনাময় উদ্যোগ। এর সাফল্য নির্ভর করবে এ অর্থের মাধ্যমে কত মানুষের আয়, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতায় স্থায়ী পরিবর্তন আনা সম্ভব হলো, তার ওপর। যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দেশে অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লেখক: ব্যাংকার ও ফ্রিল্যান্সার।

[প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও প্রতিক্রিয়ায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণের প্রতিফলন। এগুলো এশিয়া পোস্টের সম্পাদকীয় নীতি বা অবস্থানের সঙ্গে সর্বদা মিল নাও থাকতে পারে। প্রকাশিত লেখায় উপস্থাপিত ব্যাখ্যা-বিশ্লেষণ, তথ্য-উপাত্ত এবং রাজনৈতিক, অর্থনৈতিক বা আইনগতসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের যথার্থতা ও মতামতের দায়িত্ব লেখকের নিজস্ব; এ বিষয়ে এশিয়া পোস্ট কর্তৃপক্ষের অবস্থান নিরপেক্ষ।]

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...