রাজধানীতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার, চোরাই ১৭ বাইসাইকেল জব্দ

রাজধানীতে ছিনতাই চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। পৃথক অভিযানে উত্তরা পশ্চিম থানা পুলিশ ১৭টি চোরাই বাইসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্যমতে, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরইউর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে মো. ইয়াসিন (১৯) ও মো. সাগর (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুটি নন-এফআইআর অভিযোগ রয়েছে।
এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালায় এসআরইউর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. শিশির (২২), মোহাম্মদ রাজন (২০) ও মোহাম্মদ রিয়াদুল ইসলাম (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

