ফুটপাত দখলমুক্ত করে বৃক্ষরোপণ, ফের হকারদের দখলে নিউমার্কেট

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়ে বৃক্ষরোপণ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে অভিযানের ১২ দিন পার না হতেই আবারও ফুটপাতের বিভিন্ন অংশে বসতে শুরু করেছেন হকাররা। এতে আগের মতোই পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস ছালামের উদ্যোগে নিউমার্কেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে প্রিয়াঙ্গন শপিংমলের সামনে থেকে অভিযান শুরু হয়। পরে নিউমার্কেটের ২ নম্বর গেটসংলগ্ন সড়কের ফুটপাত থেকে অবৈধ দোকান ও ভ্রাম্যমাণ রিকশার দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান শেষে গত ১ নভেম্বর বিকেল ৩টার দিকে দখলমুক্ত করা ফুটপাতের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছ রোপণ করা হয়। এতে ফুটপাতটি দখলমুক্ত রাখার পাশাপাশি পরিবেশবান্ধব ও পথচারীবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে সরেজমিনে দেখা যায়, উচ্ছেদের পর অল্প কয়েক দিনের ব্যবধানেই ফুটপাতের বিভিন্ন অংশে আবারও দোকান বসাতে শুরু করেছেন হকাররা। প্রিয়াঙ্গন শপিংমল, গ্লোব শপিংমল, নূরজাহান সুপার মার্কেট গাউছিয়া মার্কেটসহ নিউমার্কেটের ফুটপাত হকারেরা আবারও দখল করেছে। এতে ফুটপাতের ওপর দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নিউমার্কেটের ২ নম্বর গেটসংলগ্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। সেখানে ফুটপাতের বিভিন্ন অংশে হকারদের দোকান বসিয়ে ব্যবসা করতে দেখা গেছে। এতে উচ্ছেদ অভিযানের পর তৈরি হওয়া স্বাভাবিক চলাচলের পরিবেশ আবারও বিঘ্নিত হচ্ছে।
পথচারী আব্দুল খালেক বলেন, আমি নিউমার্কেটের গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। কেনাকাটা শেষে মার্কেট থেকে বের হয়ে রাস্তায় আসতেই দেখি ফুটপাতের আগের সেই চিত্র ফিরে এসেছে। হকাররা আবারও ফুটপাতের বিভিন্ন জায়গায় দোকান বসাতে শুরু করেছেন। অনেক জায়গায় দোকান ফুটপাত ছাড়িয়ে সড়কের ওপরও চলে এসেছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, নিউমার্কেট এলাকায় যানজটের অন্যতম কারণ ফুটপাত দখল করে দোকান বসানো। ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়কে নামতে হচ্ছে। এতে যানজট বাড়ার পাশাপাশি আমাদের মতো সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। উচ্ছেদ অভিযান চালিয়ে গাছ লাগানোর পরও যদি আবার আগের অবস্থা ফিরে আসে, তাহলে এমন উদ্যোগের সুফল পাওয়া যাবে না।

