অশ্লীলতা মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদেরই নিতে হবে।’
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চাই এ শাশ্বত দর্শনের মূল কথা।’

