ভারতীয় গ্যাংস্টারের নামে প্রাণনাশের হুমকির অভিযোগ, কারণ জানালেন মাহমুদা মিতু

ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে প্রাণনাশের হুমকির পর আইনগত ব্যবস্থা নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারীশক্তির আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি জানিয়েছেন, রোববার (১৫ নভেম্বর) সকালের মধ্যে ঢাকার একটি থানায় নিজের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে এশিয়া পোস্টকে তিনি এ তথ্য জানিয়েছেন।
কোন ইস্যুতে হুমকি দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মাহমুদা মিতু বলেন, ‘আমি যেহেতু জুলাইয়ে জোড়ালভাবে মাঠে ভোকাল ছিলাম। ফেসবুকেও স্পষ্ট অবস্থান নিয়েছি। ৩২ নম্বরের সামনে আমার ছবিটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মাঝেমধ্যে সামনে নিয়ে আসে। জীবনব্যাপী এ দলটির বিরুদ্ধে আমার অবস্থান ছিল। স্পষ্ট কথা বলি অথবা এনসিপিতে ভালো একটি অবস্থান আছে। এ কারণে হুমকি দেওয়া হতে পারে।’
মাহমুদা মিতুর ধারণা, এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ ও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি হামলার ধারাবাহিকতায় এ প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে।
ভয়াবহ মৃত্যুর জন্য প্রস্তুত হও (‘prepare for a horrific death’) বলে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানান মাহমুদা মিতু। তিনি বলেন, ‘স্থানীয় নেতৃত্ব থেকে নয়, খুব সরাসরি শিক্ষিত ও ট্যালেন্টেড কেউ এ হুমকি দিয়েছেন বলে ধারণা করছি। আমার নম্বরটা যেহেতু ওপেন, প্রথমে অতটা চিন্তা করিনি। কিন্তু আমজাদের (সাংবাদিক) ফেসবুক পোস্টে হুমকিদাতার পরিচয় জেনে খুব চিন্তা হচ্ছে।’
ডা. মাহমুদা মিতু জানান, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে তিনি হুমকি পাচ্ছেন। ফলে তার বাবা-মা ভীষণ উদ্বিগ্ন। তাদের বাসা পরিবর্তন করতে হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজ-খবর রাখছেন। পরিবারের সদস্যদের সাফার করতে হচ্ছে। বিষয়টা তাকে খুব কষ্ট দিচ্ছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহমুদা মিতু হুমকির কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন। যেখানে ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো বার্তাটি তুলে ধরা হয়।
ওই পোস্টে মাহমুদা মিতু লেখেন, গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এ সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুইতোকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।

