শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও চড়া শিম ও টমেটো, কমেছে ডিমের দাম

শীতের পদধ্বনি শোনা যাচ্ছে রাজধানীর কাঁচাবাজারে। বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম নানা জাতের সবজি। সরবরাহ কিছুটা বাড়ায় কিছু পণ্যের দামে সামান্য স্বস্তি মিললেও শিম আর টমেটোর বাড়তি দাম নিয়ে অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। তবে লাউ, মিষ্টিকুমড়া ও পেঁপে পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে কেনাবেচা ও দরদামের এমন মিশ্র চিত্র চোখে পড়েছে।
সবজির বাজারে যখন এমন টানাপোড়েন, তখন ক্রেতাদের জন্য স্বস্তির খবর মিলেছে ডিমের ক্ষেত্রে। গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম কমেছে প্রায় ১০ টাকা। তবে গরু ও মুরগির মাংসের বাজারে স্বস্তি মেলেনি; আগের মতোই বাড়তি দামে অপরিবর্তিত রয়েছে মাংসের বাজারদর।
কারওয়ান বাজারের বর্তমান দরদাম পর্যালোচনায় দেখা যায়, ফুলকপি, বেগুন, পটোল, ঝিঙা ও কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। শীতের আগাম মুলা এবং ঢ্যাঁড়সের কেজিপ্রতি দর ঠেকেছে ৭০ টাকায়। অন্যদিকে আগাম শিম কিনতে ক্রেতাদের কেজিতে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। আর টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এছাড়া মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি মিলছে ৭০ টাকা দরে।
বাজারে এখনো অপেক্ষাকৃত কম দামে যেসব সবজি পাওয়া যাচ্ছে, তার মধ্যে রয়েছে পেঁপে, মিষ্টিকুমড়া ও লাউ। বর্তমানে প্রতি কেজি পেঁপে ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিটি লাউয়ের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া কচুমুখি প্রতি কেজি ৮০ টাকা এবং দাম কিছুটা কমে কাঁচা মরিচ মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

