লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩

নিহতরা হলেন- সুমি আক্তার, দ্বিতীয় জন আশিক ও তৃতীয় জনের পরিচয় না য়ায়নি। আহতদের মধ্যে বাসযাত্রী সিদ্দিকুর রহমান, রাশেদ, পলাশ উদ্দিন ও মুমিসহ অন্তত ১৫ জন রয়েছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সুমি আক্তারের আহত স্বামী সিদ্দিকুর রহমান বলেন, আমার স্ত্রীকে নিয়ে চাঁদপুরে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে বাসটিতে যাত্রা করেছিলাম।
আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও চালক গতি কমাননি। একপর্যায়ে ঘটনাস্থলে বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চর চামিতা এলাকায় এসে বাসটি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

