কক্সবাজার: সাগরে বিলীন হচ্ছে উপকূল

ঝুঁকিতে ভিটেবাড়ি
ভাঙন এখন শুধু সৈকত বা বালিয়াড়িতে সীমাবদ্ধ নেই। কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকার বিমানবাহিনীর ঘাঁটি, মোটেল শৈবাল, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মেরিন ড্রাইভ সড়কও সাগরের ভাঙনের মুখে রয়েছে। কয়েক বছরে সাবরাং ট্যুরিজম পার্কের প্রায় ৫০০ একর ভূমি সাগরে বিলীন হয়েছে। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, কুতুবদিয়ার কৈয়ারবিল থেকে উত্তর ধুরং পর্যন্ত এলাকার বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
উপকূলীয় ভাঙনের পেছনে একাধিক প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ কাজ করে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ‘টার্কিশ জার্নাল অব রিমোট সেন্সিং’-এ প্রকাশিত এক গবেষণায় কক্সবাজারের নাজিরারটেক থেকে ইনানী পর্যন্ত ৭২ দশমিক ৪৬ বর্গকিলোমিটার এলাকার ভাঙনঝুঁকি মূল্যায়ন করা হয়। গবেষণায় দেখা যায়, এই এলাকার ৪৭ দশমিক ৬৫ শতাংশ উচ্চ ভাঙনঝুঁকিতে রয়েছে। ২৫ দশমিক ৯ শতাংশ মাঝারি এবং ২৭ দশমিক ২৬ শতাংশ নিম্ন ঝুঁকির এলাকার অন্তর্ভুক্ত।
২০২৫ সালের জুলাই মাসে প্রকাশিত আরেক গবেষণায় কক্সবাজার থেকে টেকনাফ উপকূলের ১৯৮৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩৫ বছরের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, এই উপকূলে ১ হাজার ৮৫ হেক্টর ভূমি বিলীন হয়েছে। অন্যদিকে, ভাঙনের বিপরীতে পলি জমে এলাকায় ২৮৪ হেক্টর নতুন ভূমি তৈরি হয়েছে।
সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজারে গড়ে ৫ দশমিক শূন্য ৫ মিলিমিটার এবং মহেশখালীতে ৭ দশমিক ৫ মিলিমিটার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কমোডর শেখ শাহীদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কক্সবাজার উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতটুকু বেড়েছে, তা জানতে আরও গবেষণা দরকার।’ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি।

