সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে পুলিশকে ৭ দিনের আলটিমেটাম, চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি

গতকাল সোমবার বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড়সংলগ্ন অধিকাংশ ওষুধের দোকান বন্ধ দেখা যায়। এক দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তাঁরা দোকান বন্ধ রেখেছেন। তবে বিসিডিএসের খুলনা জেলা শাখা জানিয়েছে, দোকান বন্ধ রাখার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত বা কর্মসূচি নেই।
নগরীর আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো অবশ্য খোলা ছিল।
স্থানীয় সূত্রের অভিযোগ, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনার পর আতঙ্কে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। এ বিষয়ে বক্তব্য জানতে ফার্মেসি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। মালিকের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
তিনি আরও বলেন, নগরীতে যেভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তাতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

