৪০ বছর ধরে শিব মন্দিরের সেবা করেন আব্দুল মান্নান

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ কথাটিকে ছাপিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আন্তঃধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির গড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম গ্রামের মুসলিম বাসিন্দারা। প্রায় তিন কিলোমিটারের মধ্যে কোনো সনাতন ধর্মাবলম্বীদের বসতি না থাকলেও, দীর্ঘ ৪০ বছর ধরে একটি প্রাচীন শিব মন্দির আগলে রেখেছেন আব্দুল মান্নান নামে স্থানীয় এক প্রবীণ মুসলিম।
কেবল আগলেই রাখেননি, প্রতি বছর পূজা-অর্চনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের থাকা-খাওয়াসহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছেন পুরো গ্রামের মানুষ। ধর্মীয় ভিন্নতা থাকলেও তাদের মধ্যে নেই কোনো বিরূপ মনোভাব, বরং রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন।
স্থানীয়দের দাবি, প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনার জনশ্রুতি। একসময় একটি দল মন্দির থেকে শিবলিঙ্গটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে তারা সেটি পুরোপুরি সরাতে পারেনি বলে জানান স্থানীয়রা। মন্দিরসংলগ্ন দুধপুকুর পর্যন্ত নেওয়ার কথা প্রচলিত রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। সেই ভিডিও দেখে বগুড়ার কাহালু থেকে মন্দিরটি দেখতে আসেন বলোরাম রায় ও যুগল চন্দ্র বিশ্বাসসহ অনেকে।
তাদের কাছে তালম গ্রামের এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিম অধ্যুষিত একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের অনুপস্থিতিতেও প্রাচীন মন্দিরের পূজা-অর্চনা ও সংরক্ষণ অব্যাহত থাকা তাদের মুগ্ধ করেছে।

