একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব মিলল সেই দুধের কৌটায়

স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় দুই মাস ধরে সাইফুল ইসলাম সুজনসহ কয়েকজন ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে বেড়া তৈরি করেছিলেন তাঁরা। বাইরের লোকজনের প্রবেশ ঠেকাতে প্রবেশপথেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ ছিল না। বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং উঠোনে পুঁতে রাখা কৌটায় বোমা পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে বোমা নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু হবে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে একই ব্যক্তির ভাড়া বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।
এ বিষয়ে জানতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশ পরিদর্শক মুদাচ্ছের কায়সারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

