দুই দুধের কৌটায় লুকানো ছিল ৫ বোমাসদৃশ বস্তু

লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উদ্ধারের দুই দিন পর আদালতের অনুমতি নিয়ে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এর আগে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে দুই দিন পুলিশি পাহারা বসানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা পাওয়া যায়। কৌটাগুলো খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেওয়া ঘরটি ওই সিকদার বাড়িতে শনাক্ত করা হয়েছিল। এর আগে ওই ঘর থেকেও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

