মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর, কী ছিল এতে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং তথ্যপাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেছেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে রাষ্ট্রদোহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেওয়ার উপাদান রয়েছে, এমন দুটি সুনির্দিষ্ট মেসেজ পাওয়া গেছে। এসব বার্তার ভিত্তিতেই প্রাথমিক ফৌজদারি মামলা করা হয়েছে।
সুনির্দিষ্ট দুটি বার্তার বিষয়ে তিনি বলেন, একটি বার্তায় আগামী ডিসেম্বরে আগের অবস্থায় ফিরে যাওয়া এবং আগের সরকারকে পুনর্বাসিত করার কথা বলা হয়েছিল। ডিসেম্বর মাসে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান জানানো হয় আরেকটি বার্তায়।
বার্তার বিষয়ে আরও কিছু তথ্য জানতে তদন্ত করা হচ্ছে বলে জানান ডিআজি। তিনি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

