জিডি করতে গিয়েও হত্যার হুমকি পেলেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

একজন সংসদ সদস্যকে নিরাপত্তার জন্য থানায় এসে জিডি করতে হওয়াকেও অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন এনসিপির এই নেত্রী। জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মাহমুদা মিতুর অভিযোগ, ভারত থেকে উসকানি দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এর প্রমাণ হিসেবে তাঁর কাছে কিছু নথি ও ফোনকলের স্ক্রিনশট রয়েছে। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে সরকারকে জবাব চাইতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরুর দাবিও জানান তিনি।
নিজের জন্মস্থান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের দুটি কমিটি ঘোষণার প্রসঙ্গ টেনে মাহমুদা মিতু বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের কার্যক্রম সম্ভব হয়নি। অথচ নির্বাচিত সরকারের সময়ে এমন ঘটনা ঘটছে, যা লজ্জাজনক এবং দেশের সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ।

