চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে ৪ গুণ স্টোররেন্ট আদায়ের স্থগিতাদেশ বাড়ল

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) আমদানিকৃত এফসিএল (পূর্ণ কনটেইনার বোঝাই) কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। খালি কনটেইনার এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্যদের ৯ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে থাকা আমদানিকৃত এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায়ের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাস অর্থাৎ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

