বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাঁকে ভাটারা থানার পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর এক ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা দিচ্ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তাঁরা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন।
মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে অন্য এক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এতে বাদীর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে উল্লেখ করা হয়েছে।

