বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণচেষ্টা, দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণচেষ্টা, দুই নারী আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা তানিয়া আক্তার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)। জান্নাত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে। তিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গুলবাহার সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার (৮) তার দুই সহপাঠী নাজিফা আক্তার ও আয়শা সিদ্দিকার সঙ্গে বাড়ি ফিরছিল। পথে পশ্চিমপাড়া এলাকার এরশাদ নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা জান্নাত আক্তার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাহমিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনি শিশুটির হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাহমিনার সঙ্গে থাকা দুই সহপাঠী বিষয়টি তার স্বজন মহিউদ্দিনকে জানায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় জান্নাতকে আটক করা হয়। জান্নাতের মোবাইল ফোনে যোগাযোগের পর গুলবাহার ঘটনাস্থলে এলে তাকেও আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়।

শিশুটির মা তানিয়া আক্তার অভিযোগে দাবি করেন, জান্নাতের সঙ্গে গুলবাহারের যোগসাজশ ছিল এবং শিশুটিকে গুলবাহারের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...