‘কাউকে এক দিন-দুই দিন দেখে বিচার করা ঠিক না’

সাদা বলের ক্রিকেট দিয়েই হৃদয়ের বাংলাদেশ দলে অভিষেক। সীমিত ওভারের ক্রিকেটে চার-ছক্কা মেরে রানের চাকা সচল রাখার যে তাড়া থাকে, টেস্টে সেই চাপ থাকে না বললেই চলে। তবে গতকাল যেভাবে তিনি খেলেছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, মনে হচ্ছে যেন তিনি সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলছেন। ২২ চার ও ১১ ছক্কা মেরেছেন। ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ, লং অন দিয়ে বল যেমন সীমানাছাড়া করেছেন, তেমনি সোজা সাইটস্ক্রিনের ওপর দিয়েও মেরেছেন। পাশাপাশি ডিপ এক্সট্রা কাভার দিয়েও ছক্কা মেরেছেন।
সব সময় শুধু আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন, হৃদয়ের জন্য ব্যাপারটা তেমন নয়। বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পছন্দ করেন তিনি। আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘দেখুন, যেটা বললাম যে আক্রমণাত্মক ক্রিকেট খেলব সব সময়, ব্যাপারটা তা নয়। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করি। যদি মনে হয় যে আক্রমণাত্মক খেলতে হবে, তখন আক্রমণে যাই। আপনারা অবশ্যই সমালোচনা করবেন। যদি আমরা ভুল করি, তাহলে আপনাদের সমালোচনা করার অবশ্যই অধিকার আছে। তবে একটা-দুইটা ইনিংসে না। একই ভুল যদি বারবার হয়, তখন সমালোচনা করা উচিত বলে মনে করি।’

