সিলেটের ঐতিহাসিক ইনিংস হৃদয়ের কাছে কেন ‘স্পেশাল’ নয়

২০১৯ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তাওহীদ হৃদয়। তিন ইনিংসে তাঁর মোট সংগ্রহ ছিল ৩৪৯ রান। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন ৯৮ বলে।
প্রথম ইনিংসে পাল্টা আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে হৃদয় জানান, সেটিকে ঠিক পাল্টা আক্রমণ বলা যাবে না। প্রতিপক্ষের বেশির ভাগ ফিল্ডার বাউন্ডারিতে থাকায় রান তুলতে ওপর দিয়ে শট খেলা ছাড়া উপায় ছিল না। তাই সিঙ্গেল নেওয়ার বদলে সঠিক বল ও বোলার বেছে নিয়ে নির্দিষ্ট বোলারকে লক্ষ্য করার পরিকল্পনা করেছিলেন তিনি।
সাদা বলের ক্রিকেটে প্রতিষ্ঠিত হলেও লাল বলের ক্রিকেটে নিজের সাম্প্রতিক অগ্রগতিকে ইতিবাচকভাবেই দেখছেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্টে শুরুর দিকের অভিজ্ঞতা খুব একটা সুখকর না হলেও এখন ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চান না তিনি। বরং নিজের নিয়ন্ত্রণে থাকা অনুশীলন ও কঠোর পরিশ্রমের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ব্যাটার। হৃদয় বলেন, ‘আগে হয়তো অনেক চিন্তা করতাম, কী হবে না হবে। সত্যি বলতে, এখন আর সেভাবে চিন্তা আসে না। সবকিছু তো সেট করাই আছে। আমার হাতে যেটা আছে, সেটা হলো সঠিকভাবে অনুশীলন করতে পারছি কি না, কঠোর পরিশ্রম করতে পারছি কি না। আমার কাছে এটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার।’
প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি নিজের আদর্শ মুশফিকুর রহিমের সর্বোচ্চ ইনিংসও ছাড়িয়ে যান হৃদয়। এই অর্জনে মুশফিকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। হৃদয় জানান, তাঁর পারফরম্যান্সে মুশফিক অনেক খুশি হয়েছেন। শুধু তাঁকেই নয়, দলের যেকোনো ক্রিকেটার ভালো খেললে সব সময় সমর্থন ও উৎসাহ দেন মুশফিক।
নিজের এই ইনিংস ভবিষ্যতে আত্মবিশ্বাস জোগাবে বলেও মনে করেন হৃদয়, ‘সত্যি কথা বলতে, এই ইনিংসটা অবশ্যই ভালো লাগা এবং সামনে আমাকে আত্মবিশ্বাস দেবে। তবে স্পেশাল বলতে গেলে, কোন ইনিংসটা আমার কাছে বিশেষ, সেটা নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না।’

