‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না’

নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট থাকলেও ২৫০ কিংবা ১০০ পূর্ণ না হওয়ার আক্ষেপে ডুবে থাকতে চান না হৃদয়। বরং দলের কঠিন সময়ে অবদান রাখতে পেরেই তৃপ্ত তিনি। এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘সত্যি কথা বলতে, ২৫০ হয়নি বা ১০০ হয়নি এসব নিয়ে চিন্তা না করাই ভালো। এগুলো নিয়ে ভাবলে নিজের ওপর হতাশা কাজ করতে পারে। যা হয়েছে, যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা থাকবে পরেরবার আরও ভালো কিছু করার।’
টেস্টের পাঁচ দিনই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ও সমর্থন হৃদয়কে মুগ্ধ করেছে। দেশের হয়ে খেলতে নামলে সমর্থকদের প্রত্যাশা যে অনেক বেশি থাকে, সেটিও বোঝেন তিনি। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় বলেন, ‘টেস্টের পাঁচ দিনই দর্শকরা মাঠে এসে দলকে সমর্থন করেছেন। এটা শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্যই বড় অনুপ্রেরণা। আমাদের দর্শকদের অনেক নিবেদন। তাঁরা সব সময় চান আমরা ভালো কিছু করি। আমরাও চেষ্টা করি তাঁদের প্রত্যাশা পূরণ করতে।’
প্রথম ইনিংসে রেকর্ড ২৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও তিনি খেলেন ৮২ রানের ইনিংস। ৩২৪ রান করে ম্যাচসেরা হলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ কাজ করছে তাঁর। হৃদয় বলেন, ‘ভালো লাগছে। তবে দিন শেষে যদি ম্যাচটা জিততে পারতাম, তাহলে আরও বেশি ভালো লাগত। আমার কাছে সব সময় দল আগে। আমি যে এমন একটা ইনিংস খেলেছি, সেটা নিজেও জানতাম না। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তার জন্য শুকরিয়া।’

