বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

শমিতের পর হামজার গোল, প্রথমার্ধেই বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
শমিতের পর হামজার গোল, প্রথমার্ধেই বাংলাদেশের দাপট

অধিনায়কত্বের প্রথম ম্যাচেই গোল করে উল্লাসে মাতালেন গ্যালারি। শুধু নিজে গোল করেই থামেননি হামজা চৌধুরী, সতীর্থ শমিত সোমের গোলের পেছনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। হামজা ও শমিতের গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করে বাংলাদেশ। প্রথম মিনিটেই ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে যান রাকিব হোসেন। তার বাড়ানো ক্রসে অবশ্য কোনো সতীর্থ পা ছোঁয়াতে পারেননি। চতুর্থ মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। তবে হামজার নেওয়া শট লক্ষ্যভেদ করতে পারেনি।

অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। অষ্টম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন শমিত সোম। বাঁ প্রান্ত থেকে হামজার বাড়ানো ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিতের কাছে। তার প্রথম প্রচেষ্টা বাধা পেলেও দ্বিতীয় চেষ্টায় জালে বল পাঠান এই মিডফিল্ডার।

শুরুর গোলের পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। বিশেষ করে ডান প্রান্ত দিয়ে রাকিবের একের পর এক আক্রমণে ব্যস্ত থাকতে হয় শ্রীলঙ্কার রক্ষণভাগকে। মাঝমাঠে হামজা ও শমিতের উপস্থিতিতেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা।

২৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হামজা। রাকিবের বাড়ানো বল পেয়ে ব্যাকহিলে গোল করার চেষ্টা করেন বাংলাদেশের অধিনায়ক। তবে তার সেই প্রচেষ্টা জাল খুঁজে পায়নি।

অন্যদিকে, প্রথমার্ধের ৩৮তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ তৈরি করে শ্রীলঙ্কা। বক্সের মধ্যে দারুণ একটি ক্রস এলেও সেটিতে পা ছোঁয়াতে পারেননি কোনো ফুটবলার। ফলে রক্ষা পায় বাংলাদেশ।

এর পাঁচ মিনিট পরই গ্যালারিতে নতুন করে উল্লাসের উপলক্ষ এনে দেন হামজা। ৪৩তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের পাস বক্সের বাইরে পান বাংলাদেশের অধিনায়ক। দ্রুতগতিতে সামনে এগিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে শট নেন তিনি। শ্রীলঙ্কার গোলরক্ষকের শরীরে লেগে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

বাংলাদেশের হয়ে নিজের ১৪তম ম্যাচে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমেই গোলের দেখা পেলেন হামজা। এর আগে শমিতের গোলের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হবে স্বাগতিকরা। সেক্ষেত্রে আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...