বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

অধিনায়ক বদলেও ভাগ্য ঘুরল না বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
অধিনায়ক বদলেও ভাগ্য ঘুরল না বাংলাদেশের

নতুন অধিনায়ক, নতুন শুরু। কিন্তু মাঠের পারফরম্যান্সে পুরোনো হতাশাই সঙ্গী হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নিগার সুলতানা জ্যোতির জায়গায় নেতৃত্ব পাওয়া নাহিদা আক্তারের প্রথম পরীক্ষাতেই বড় হার দেখল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও পাকিস্তানকে চাপে ফেলতে পারেনি তারা। আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই আট উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানের কারওয়ান ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাহিদা। তবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান তুলতে পারে তাঁর দল।

জবাবে ১৫ ওভার ৫ বলেই ২ উইকেটে ১১২ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। হাতে ছিল আরও ২৫ বল।

বাংলাদেশের ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয়। দলীয় ২১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। দিলারা ৯ ও সাথী করেন ১১ রান।

এরপর নিগার সুলতানা ও শারমিন আক্তার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ২০ বল খেলে মাত্র ৯ রান করে ফেরেন শারমিন।

এক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক জ্যোতি। ২০ বলে দুটি চার ও একটি ছক্কায় দলের সর্বোচ্চ ২৭ রান করেন তিনি।

তবে তার বিদায়ের পর আবারও ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ছয় রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ১৩ ওভার ৩ বল শেষে সংগ্রহ দাঁড়ায় ৬৮ রানে ৭ উইকেট।

শেষদিকে স্বর্ণা আক্তার ২০ বলে অপরাজিত ২১ এবং রাবেয়া খান ১৮ বলে ১১ রান করে দলের সংগ্রহ একশ পার করেন। অধিনায়ক নাহিদা নিজে আউট হন প্রথম বলেই, রানের খাতা খোলার আগেই।

পাকিস্তানের হয়ে তুবা হাসান ২৬ রানে তিনটি উইকেট নেন। নাশরা সান্ধু মাত্র ১৩ রানে দুটি এবং মোমিনা রিয়াসাত ১৭ রানে একটি উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। ওপেনার শাওয়াল জুলফিকার মাত্র ছয় বলে চারটি চারে ১৬ রান করে ফিরে গেলেও অন্য প্রান্তে ধরে খেলেন সাদাফ শামাস।

সাদাফ ৩৭ বলে চারটি চার ও একটি ছক্কায় করেন ৩৭ রান। তার বিদায়ের পর অধিনায়ক মুনিবা আলী ও আয়েশা জাফর আর কোনো বিপদ হতে দেননি।

মুনিবা ৩৪ বলে ৩১ এবং আয়েশা ১৮ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। তবে পাকিস্তানের সহজ জয় ঠেকানোর মতো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কেউ।

গত ১৮ অক্টোবর নিগার সুলতানা জ্যোতি নিজে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর নাহিদাকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জ্যোতি ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি।

নতুন নেতৃত্বে প্রথম টুর্নামেন্টেই বড় পরীক্ষায় পড়তে হলো বাংলাদেশকে। এর আগে সেপ্টেম্বরে এশিয়ান গেমসের ব্রোঞ্জপদকের ম্যাচেও পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছিল দলটি।

দশ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। প্রতি গ্রুপের সেরা তিন দল উঠবে সুপার সিক্সে।

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে নাহিদার দল। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে সেই লড়াইয়ে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের লক্ষ্য।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...