বাংলাদেশের পেস আক্রমণকে ‘দারুন’ বললেন কনরাড

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টেই তিন নম্বরে খেলেছিলেন ডেভিড বেডিংহাম। তবে বাংলাদেশ সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা টনি ডি জর্জি কিংবা জুবায়ের হামজার একজনকে দেখা যেতে পারে ওই পজিশনে। কনরাড বলেন, ‘আমরা তিন নম্বর পজিশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে পরখ করেছি, ডেভিড ছিল সর্বশেষ। আমি মোটেও চাই না যে বাইরে থেকে দেখে মনে হোক তিন নম্বর জায়গাটা মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরছে। বিষয়টি মোটেও তেমন নয়।’
ব্যাটিং অর্ডার স্থিতিশীল করার পরিকল্পনা জানিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ বলেন, ‘আমি ব্যাটিং অর্ডারটা থিতু করতে চাই... আমি শুনেছি আমাদের ব্যাপারে ‘নির্মম’ শব্দটি ব্যবহার করা হচ্ছে, কারণ দেখে মনে হচ্ছে আমরা খেলোয়াড়দের দুই-তিনটি সুযোগ দিয়ে ব্যর্থ হলেই বাদ দিয়ে দিচ্ছি। বিষয়টি আসলে তা নয়।’
কনরাড আরও বলেন, ‘মাঝেমধ্যে দলে সেরা খেলোয়াড়দের আগে জায়গা করে দিতে হয়। এখন আমরা এই খেলোয়াড়দের ভালো একটা সুযোগ দিতে চাই। প্রতিটি সিরিজের পরই দলে কাটাছেঁড়া করতে চাই না। তাই ইংল্যান্ড সফর শেষ হওয়ার আগপর্যন্ত দলের ওপরের সাত ব্যাটসম্যানের পরিবর্তন হবে, এমনটা হলে আমি খুব অবাক হব।’

