বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

গুঞ্জনের অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম
গুঞ্জনের অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

লিওনেল মেসি বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে। তবে আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন তার বিশ্বজয়ের অন্যতম কারিগর লিওনেল স্কালোনি। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফলে মেসিকে ছাড়াই নতুন যুগের আর্জেন্টিনাকে গড়ে তোলার দায়িত্ব থাকছে তাঁর কাঁধে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুয়েনস এইরেসের এজেইজায় লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের ঘোষণা দেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। আগের চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী স্কালোনি।

চলতি বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিলেন স্কালোনি। টানা আট বছর দায়িত্ব পালনের পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গেই সম্পর্ক দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চুক্তি নবায়নের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কোচ। সম্প্রতি মাকে হারানোর শোকের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া স্কালোনি জানান, দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে তার আগ্রহে কোনো ঘাটতি নেই।

স্কালোনি বলেন, ‘প্রথম দিনের মতোই এখনো একই উৎসাহ আর আগ্রহ নিয়ে কাজ করতে চাই। দায়িত্ব চালিয়ে যেতে পেরে আমি খুশি ও কৃতজ্ঞ। এখন থেকে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে।’

এএফএ সভাপতি তাপিয়াও জানিয়েছেন, স্কালোনি ও তার কোচিং স্টাফের সঙ্গে ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি চূড়ান্ত হওয়া আর্জেন্টিনার ফুটবলের জন্য আনন্দের খবর।

২০১৮ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তখন সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার পূর্ব অভিজ্ঞতা ছিল না। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর বিপর্যস্ত আর্জেন্টিনাকে নতুন করে গড়ে তোলার কঠিন দায়িত্ব পান তিনি।

সেই অনভিজ্ঞ কোচের হাত ধরেই বদলে যায় আর্জেন্টিনার ভাগ্য। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপাখরা কাটায় দলটি। ২০২২ সালে ইতালিকে হারিয়ে জেতে ফিনালিসিমা। একই বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আলবিসেলেস্তেরা।

এবারের বিশ্বকাপেও দুর্দান্ত পথচলা ছিল আর্জেন্টিনার। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে তারা। তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় স্পেনের কাছে হেরে।

এরপরই আসে আরও বড় পরিবর্তন। গত অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি। দীর্ঘ দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার আক্রমণভাগের প্রাণ ছিলেন তিনি। ফলে তার অনুপস্থিতিতে নতুন প্রজন্মকে ঘিরে দল গড়তে হবে স্কালোনিকে।

নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ইতোমধ্যে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ। মেসির অবসরের পর এটিই তার প্রথম দল। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। ফিরেছেন গঞ্জালো মনতিয়েল ও মারিয়ানো ত্রোইলোও।

শুক্রবার (১৩ নভেম্বর) বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে তারা।

২০৩০ বিশ্বকাপ স্কালোনির কোচিং ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনার ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়বেন তিনি।

আর সেই বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ তাৎপর্যও। ফুটবল বিশ্বকাপের শতবর্ষপূর্তির আসরের অন্যতম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনায়। মেসিকে নিয়ে বিশ্বজয়ের পর এবার তাকে ছাড়াই নতুন প্রজন্মকে সেই মঞ্চে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ স্কালোনির সামনে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...