চুক্তি নবায়ন করে কী বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ

নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে স্কালোনি বলেন, ‘আমাদের পথচলার একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমরা এখন উঠে আসা তরুণদের সুযোগ দেব। তাদের সামর্থ্য অনেক, তবে মেসি, দি মারিয়া ও ওতামেন্দির মতো অবদান রাখার জন্য তারা হয়তো এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’
তরুণদের এগিয়ে আসার জন্য সময় দেওয়ার ওপর জোর দিয়ে স্কালোনি বলেন, ‘এই তরুণ খেলোয়াড়দের সবার বোঝাপড়া ও সমর্থন প্রয়োজন।’
নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও ভালেন্তিন বারকোর মতো মিডফিল্ডার এবং মাতিয়াস সুলে ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির মতো ফরোয়ার্ডদের নিয়ে আশাবাদী স্কালোনি। আগামী দিনে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই তরুণেরা।
আর্জেন্টিনার কোচ হিসেবে ১০৭ ম্যাচে ৭৯ জয়, ১৮ ড্র ও ১০টি হার স্কালোনির। তাঁর অধীনে দলটি ২৩১ গোল করার পাশাপাশি হজম করেছে ৫৭টি। এবার অভিজ্ঞদের শূন্যতা কাটিয়ে নতুনদের নিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর বড় চ্যালেঞ্জ।
এদিকে মেসির ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। আগামীকাল ভোরে উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় এই জার্সি পরবেন না।

