‘বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য সহজ হবে না’

কদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে এসে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গেছে। এই সিরিজ জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান করছে দুইয়ে। তার চেয়েও বড় কথা প্রোটিয়া পেসারদের আগুনে বোলিং। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মার্কো ইয়ানসেন নিয়েছেন ১৩ উইকেট। দুই পেসার ভিয়ান মুলডার, কাগিসো রাবাদা ১০টি করে উইকেট নিয়েছেন। অ্যানরিখ নরকীয়া পেয়েছেন ৫ উইকেট। আর মুলডারের সেঞ্চুরিও রয়েছে। ইয়ানসেনও দুর্দান্ত ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে।
নরকীয়া বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে না থাকলেও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণকে খাটো করে দেখার সুযোগ নেই। ইয়ানসেন-মুলডার-রাবাদার পাশাপাশি ডেন প্যাটারসন-করবিন বশের মতো পেসাররাও আছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় বেনকেনস্টাইন বলেন, ‘যেমনটা আমরা সবাই জানি, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমি মনে করি তারা (ক্রিকেটার) এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং আমি সেটার অপেক্ষায় আছি।’

