বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

৪০ বছর বয়সেও থামছেন না টেলর, টানা দুই টেস্টে সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
৪০ বছর বয়সেও থামছেন না টেলর, টানা দুই টেস্টে সেঞ্চুরি

আট বছর ধরে টেস্ট ক্রিকেটে কোনো সেঞ্চুরি নেই। এর মধ্যে নিষেধাজ্ঞার কারণে সাড়ে তিন বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে। বয়সও পেরিয়েছে চল্লিশের ঘর। কিন্তু এত বাধা পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ব্রেন্ডন টেলর যেন নতুন যৌবন ফিরে পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর এবার দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি তুলে নিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ব্যাটার। দীর্ঘ আট বছরের খরা কাটানোর পর মাত্র নয় দিনের ব্যবধানে পেলেন দুটি শতক।

শনিবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিন অঙ্কের ঘরে পৌঁছান টেলর। আগের দিন ৯৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আরও চার রান যোগ করে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন।

১৭৮ বলে শতকের মাইলফলক স্পর্শ করেন টেলর। তখন তার ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কা। চল্লিশ পেরোনো ব্যাটারের এমন পারফরম্যান্সে আরও একবার বড় সংগ্রহের পথে এগিয়েছে জিম্বাবুয়ে।

আগের দিন শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল জিম্বাবুয়ে। দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারান উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৮ রান। কারান ৪৪ রানে ফেরার পর কাইয়ার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েন টেলর।

তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় কাইয়াকে। ৯৬ রানে তাকে ফিরিয়ে দেন আফগানিস্তানের অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসির খান মারুফখিল।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। অধিনায়ক ব্রায়ান বেনেট শূন্য রানে এবং ওয়েসলি মাধেভেরে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। আনতুম নাকভিও ৮ রানের বেশি করতে পারেননি।

একপ্রান্তে অবশ্য অবিচল ছিলেন টেলর। দিনের শেষ পর্যন্ত ব্যাট করে ১৬৩ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ২ রানে অপরাজিত ছিলেন তাফাদজওয়া সিগা। প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫০ রান।

দ্বিতীয় দিনের শুরুতে আফগানিস্তানের পেসারদের সতর্কভাবে সামলে নিজের শতক পূর্ণ করেন টেলর। এটি চলতি সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে একই মাঠে সিরিজের প্রথম টেস্টে ১৬৮ বলে ১৪ চার ও চার ছক্কায় ১৩১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও খেলেছিলেন ৮২ রানের ইনিংস। দুই ইনিংসে মোট ২১৩ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক।

সেই ম্যাচে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৫০৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৫২৩ রান তুলে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছিল। তবে দুই দলের রানের পাহাড় গড়ার লড়াই শেষ হয়েছিল ড্রয়ে।

টেলরের ক্যারিয়ারের গল্পটাও কম নাটকীয় নয়।

২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। পরের বছর জানুয়ারিতে আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপবিরোধী বিধি লঙ্ঘনের দায় স্বীকার করে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান।

২০২৫ সালের জুলাইয়ে সেই নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।

প্রত্যাবর্তনের পর প্রথম টেস্ট সেঞ্চুরি পেতে অবশ্য আরও এক বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে টেলরকে।

এর আগে সবশেষ ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে শতক পেয়েছিলেন তিনি। সেই ম্যাচের দুই ইনিংসে করেছিলেন ১১০ ও অপরাজিত ১০৬ রান। এরপর দীর্ঘ প্রায় আট বছর আর কোনো টেস্ট শতক ছিল না তার নামের পাশে।

অবশেষে গত ৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে সেই খরা কাটে। আর শনিবার মাত্র নয় দিনের ব্যবধানে আবারও তিন অঙ্কের ঘরে পৌঁছে যান তিনি।

সর্বশেষ দুটি টেস্টে তিন ইনিংস ব্যাট করে দুটি সেঞ্চুরি এবং একটি ৮২ রানের ইনিংস খেলেছেন টেলর। প্রথম টেস্টে তার দাপট এতটাই ছিল যে ৪০ বছর ২৭২ দিন বয়সে ম্যাচসেরা হয়ে বিরল এক রেকর্ডও গড়েন। টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি বয়সে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন কেবল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...