বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

‘রোনালদোকে মিস করব কীভাবে, তিনি তো আর দলে নেই’

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
‘রোনালদোকে মিস করব কীভাবে, তিনি তো আর দলে নেই’

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। নিজেদের মাঠে এমন হারের একপর্যায়ে গ্যালারিতে ওঠে সাবেক অধিনায়কের নামে স্লোগান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার অভাব কি অনুভব করছেন পর্তুগাল কোচ হোর্হে জেসুস? তবে সেই প্রশ্নের জবাবে উল্টো পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ব্রাগায় উয়েফা নেশনস লিগের ম্যাচে ডেনমার্কের কাছে বড় ব্যবধানে হারে পর্তুগাল। রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এটিই ছিল দলটির প্রথম ম্যাচ। সাবেক অধিনায়ককে সম্মান জানাতে বিশেষ আয়োজনও করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই উপলক্ষ রাঙাতে পারেননি ফুটবলাররা।

ম্যাচের ৭৫তম মিনিটে চতুর্থ গোল হজমের পর অনেক দর্শক স্টেডিয়াম ছাড়তে শুরু করেন। গ্যালারি থেকে ভেসে আসে রোনালদোর নাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জেসুসের কাছে জানতে চাওয়া হয়, তিনি রোনালদোর অভাব অনুভব করছেন কি না।

উত্তরে পর্তুগিজ কোচ বলেন, ‘রোনালদোকে মিস করছি? কীভাবে মিস করব, তিনি তো আর জাতীয় দলে নেই? বড়জোর আমাকে সঙ্গ দেওয়ার জন্য তার অভাব অনুভব করতে পারি। তিনি আর খেলছেন না, এখানে নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন।’

তবে রোনালদোর প্রতি সমর্থকদের আবেগকে স্বাভাবিকভাবেই দেখছেন জেসুস। তার ভাষায়, ‘একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। মানুষ তাকে মিস করে, এটা স্বাভাবিক। জাতীয় দলের হয়ে ২৩ বছরে ক্রিস যা করেছেন, তা কেউ ভুলবে না।’

বড় পরাজয়ে দর্শকদের হতাশাও বুঝতে পারছেন পর্তুগিজ কোচ। তিনি বলেন, ‘দল যখন ৪-১ গোলে হারছে, তখন কেউ সন্তুষ্ট থাকতে পারে না। আমরাও এখানে হারার জন্য প্রস্তুত ছিলাম না, বিশেষ করে এমন ব্যবধানে তো নয়ই।’

হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলের রক্ষণাত্মক দুর্বলতার কথা স্বীকার করেছেন জেসুস। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ডেনমার্কের আক্রমণ সামলাতে ব্যর্থ হয়েছে তার দল। তার মতে, শুধু রক্ষণভাগ নয়, পুরো দলের রক্ষণাত্মক সংগঠনেই ঘাটতি ছিল।

তবে একটি পরাজয়ে আগের চার ম্যাচের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতে রাজি নন পর্তুগিজ কোচ। ডেনমার্কের বিপক্ষে হারের পরও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তাঁর দল।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচের আগে নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনার কথা জানিয়েছেন জেসুস।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...