রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন ভারত

ম্যাচের ঘড়িতে তখন ৮৭ মিনিট। সেমিফাইনালে বাংলাদেশ বিদায় নেওয়ার পরও জাতীয় স্টেডিয়ামের গ্যালারি নীরব ছিল না। মাঠের উত্তাপ ছুঁয়ে যাচ্ছে হেমন্তের রাত। আর মাত্র কয়েক মিনিট—তারপরই সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল গড়াবে অতিরিক্ত সময়ে। ঠিক তখনই আবদুল রাবিহর কর্নার, জটলার ভেতর থেকে সন্দীপ মান্ডির এক হেড, আর জার্সি খুলে তাঁর বাঁধনহারা দৌড়! ওই এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল পাকিস্তানের প্রথম শিরোপার স্বপ্ন। আর ২-১ গোলে জিতে রেকর্ড দশমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজমুকুট মাথায় তুলল ভারত।
আজ ম্যাচের প্রথম মিনিটেই পাকিস্তানের ব্যাকপাস থেকে বল প্রায় কেড়ে নিয়েছিলেন সুহেইল ভাট, তৃতীয় মিনিটে বক্সে ঢুকে তাঁর নেওয়া শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। তবে শুরুর সেই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় প্রথম শিরোপার স্বপ্নে বিভোর পাকিস্তান। দুই প্রান্ত ব্যবহার করে ভারতীয় রক্ষণে একের পর এক ঝড় তোলেন পাকিস্তানের ফরোয়ার্ডরা।

