ভারত-পাকিস্তান ক্রিকেটে যা দেখা যায় না, ঢাকার সাফে দেখা গেল সেটাই

মাঠের উত্তাপ তখনো পুরোপুরি থিতু হয়নি। ৯০ মিনিটের স্নায়ুক্ষয়ী লড়াই, লাল কার্ড আর শেষ মুহূর্তের গোলের রোমাঞ্চ শেষে জাতীয় স্টেডিয়ামে তখন পুরস্কার বিতরণীর আয়োজন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই মানেই বাড়তি ঝাঁজ, বাড়তি উত্তেজনা। কিন্তু ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চের সামনে দেখা গেল এক অন্যরকম দৃশ্য—যা ছাপিয়ে গেল মাঠের সব প্রতিদ্বন্দ্বিতাকেও। রানার্সআপ ট্রফি নিতে মঞ্চে যাওয়া পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাল চ্যাম্পিয়ন ভারত! পরে ভারতীয় দলকে গার্ড অব অনার দেয় পাকিস্তানও। ক্রিকেটে যা বিরল ঘটনা।
প্রথমার্ধে পিছিয়ে পড়েও ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে আজ মঙ্গলবার রাতে শুধু মূল ট্রফিই নয়, টুর্নামেন্টের ব্যক্তিগত সব পুরস্কারও নিজেদের ঝুলিতে পুরেছে ‘ব্লু টাইগারা’রা। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতে নিয়েছেন ভারতের দুই ফুটবলার।

