বিদায়বেলায় আবেগঘন বার্তা আর্জেন্টিনার সহকারী কোচের

২০১৮ সালে আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্ব নিয়েছিলেন স্যামুয়েল। আজ কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি। আর কখনো স্যামুয়েলকে দেখা যাবে না আর্জেন্টিনার ডাগআউটে। আজ ম্যাচের পর প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্যামুয়েল। এএফএ প্রধান ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ জানিয়ে ওয়ালতার বলেন, ‘বছরগুলো ছিল অসাধারণ। আমার পরিবার সব সময় আমার পাশে ছিল। তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আবেগপ্রবণ হতে চাই না। লিওকে (স্কালোনি) ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তোমাকেও (ক্লদিও তাপিয়া) ধন্যবাদ।’
আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির পথচলা ২০১৮ সাল থেকেই। গত আট বছর প্রধান কোচের দায়িত্বে থেকে চারটি শিরোপা জেতাতে অবদান রেখেছেন। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জয়ে স্কালোনির সঙ্গে ডাগআউটে ছিলেন ওয়ালতার। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেসরা মনে রাখার মতো অনেক মুহূর্ত দেশটির ফুটবল-সমর্থকদের উপহার দিয়েছেন। বিদায়বেলায় কোচিং স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্যামুয়েল। এএফএর ভিডিও বার্তায় আর্জেন্টিনার সাবেক সহকারী কোচ বলেন, ‘পুরো কোচিং স্টাফ আমার কাছে ছিল দ্বিতীয় পরিবারের মতো ছিল। আর তোমাদের সবাইকেও ধন্যবাদ। ফুটবলে যদি আমি কিছু হয়ে থাকতে পারি, তাহলে তার পেছনে এই মানুষগুলোর অবদান রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

