ইনিংস হার এড়ালেও শঙ্কা কাটেনি শ্রীলঙ্কার

একপ্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক কুশল মেন্ডিস। ১২৬ বলে ৮ চারে ৫৩ রান করেন তিনি। পঞ্চম উইকেটে পাসিন্দু সুরিয়াবন্দরার সঙ্গে তাঁর জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তোলে। পাসিন্দু করেন ১১৬ বলে ৩৮ রান।
এরপর সোনাল দিনুশার সঙ্গে জুটি গড়ে শ্রীলঙ্কার লিড বাড়ানোর পথ তৈরি করেন কুশল। তবে ৮১ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন সালমান আগা। চা-বিরতির আগে কুশলের বিদায়ে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা।
দিনের শেষ দিকে সোনাল দিনুশা ও মিলান রত্নায়েকের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ১১৯ বলে সাতটি চারে ৫৪ রান করে দিনুশা ফিরলেও অবিচল ছিলেন রত্নায়েকে। শেষ পর্যন্ত ৮২ বলে ১১টি চারের সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন তিনি।
পাকিস্তানের হয়ে আমের জামাল তিনটি উইকেট নিয়েছেন। মোহাম্মদ আব্বাস ও রাজাউল্লাহ পেয়েছেন দুটি করে উইকেট।
পাকিস্তানের চেয়ে ৮২ রানে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কার হাতে আছে মাত্র এক উইকেট। আর শেষ উইকেটটি দ্রুত তুলে নিয়ে জয় নিশ্চিত করে সিরিজ জয়ের লক্ষ্যেই চতুর্থ দিন মাঠে নামবে স্বাগতিকেরা।

