মুজিবনগরে চার দিনের কাব ক্যাম্পুরী শুরু
‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ প্রতিপাদ্যকে ধারণ করে মেহেরপুরের মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ মুজিবনগর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’। বাংলাদেশ স্কাউটস মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মিলনমেলার পর্দা উঠেছে ভবরপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে।
আজ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনের এই ক্যাম্পুরীর শুভ উদ্বোধন ঘোষণা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ এবং মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কাব স্কাউট সদস্যরা এই ক্যাম্পে অংশ নিচ্ছে। আয়োজকরা আশা করছেন, ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা ও মানবিক গুণাবলি তৈরিতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে। পুরো ক্যাম্প প্রাঙ্গণে এখন বইছে স্কাউট সদস্যদের প্রাণবন্ত উচ্ছ্বাস।

