আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসি

বিষয়টি মেসির অজান্তে ঘটেছে বলে জানিয়েছেন এই সাংবাদিক। তিনি বলেন, ‘মেসি বিষয়টি জানতেন না। এই উদ্যোগ কে নিয়েছিল? ক্লদিও তাপিয়া একজন আর্জেন্টাইন স্পনসরকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যদিও মাইকেলবের সঙ্গে মেসির একচেটিয়া চুক্তি ছিল।’
এএফএর বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও অসন্তুষ্ট মেসি। সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনো দীর্ঘদিন ধরে কর ফাঁকি ও অর্থ পাচারের সন্দেহে তদন্তের মুখে রয়েছেন। মার্চে তাপিয়ার বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছিল। সাংবাদিক উইনিয়াজকির প্রতিবেদনে মোনাকো ও ইবিজার মতো অভিজাত পর্যটন গন্তব্যে বিলাসবহুল ইয়ট ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছে ১২ লাখ ডলারের বেশি অর্থ স্থানান্তরের তথ্যও উঠে এসেছে।
গত অক্টোবরে বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচ আয়োজন নিয়েও অসন্তুষ্ট ছিলেন মেসি ও তাঁর ঘনিষ্ঠরা। ম্যাচের শব্দব্যবস্থা, আলোকসজ্জা এবং পরবর্তী ড্রোন প্রদর্শনী নিয়ে আপত্তি ছিল তাঁদের। ওই প্রদর্শনীতে মেসিকে তাঁর দুর্বল ডান পায়ে বল মারার ভঙ্গিতে দেখানো হয়েছিল।
এএফএর বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে উইনিয়াজকি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবলের সবচেয়ে বড় তারকা তাঁর আইনজীবীদের একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ তৈরির নির্দেশ দিয়েছেন। সেখানে এএফএকে তাঁর ছবি ব্যবহার করে এমন বাণিজ্যিক মুনাফা অর্জন বন্ধ করতে বলা হবে, যা আর্জেন্টাইন ফুটবলের কোনো উপকারে আসে না।’
এএফএর সঙ্গে বিরোধের মধ্যে এখন ক্লাব ফুটবলে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। ইন্টার মায়ামির সামনে আগামী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ। ইস্টার্ন কনফারেন্সের প্লে অফ কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ কলম্বাস ক্রু।

