‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

ভারতের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই সিরিজেই অধিনায়ক ছিলেন শাই হোপ। সাত ইনিংসের মধ্যে চারটিতে সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ৩৫১, টি-টোয়েন্টিতে ২৫০—দুটিতে রান তাড়ায় হোপ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। ছন্দে থাকা এই ক্রিকেটার না থাকায় আক্ষেপ কাজ করছে চেজের। উইন্ডিজ টেস্ট অধিনায়ক বলেন, ‘অবশ্যই হোপের না থাকা বিগ মিস। সে টানা খেলার মধ্যে রয়েছে। সাদা বলের দুই ফরম্যাটে সে অধিনায়ক। দারুণ ফর্মেও আছে। এখানে সে নেই। তাই তার কথা ভেবেও লাভ নেই। যারা আছে, তারা মিলেই ব্যাটিংয়ে সেরাটা দিয়ে খেলতে হবে।’
ঝোড়ো গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সারে প্রতিপক্ষকে ঘায়েল করতে ওস্তাদ নাহিদ রানা। ব্যাটারদের বোকা বানাতে লেংথও পরিবর্তন করতে পারেন তিনি। এবার তিনি না থাকায় চেজ কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক বলেছেন,
‘নাহিদ রানা নেই? তাহলে এটা আমাদের জন্য ভালো ব্যাপার।’

